
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে যাত্রীবেশে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের হাজীরমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান।
আটকরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিংগেরগাড়ী (ডাঙ্গাপাড়া) গ্রামের আহম্মদ আলীর ছেলে আতিকুল ইসলাম আতিক ওরফে আরিফ (৩৫) ও বগুড়ার গাবতলী উপজেলার চক ডহর শুকানপুকুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে সানু মিয়া (২৫)।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে উপজেলার শঠীবাড়ি এলাকা থেকে মোসলেম বাজার যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে ছিনতাইকারী চক্রের তিন সদস্য। অটোরিকশাটি মোসলেম বাজার পার হয়ে তিলকপাড়া এলাকায় ভাঙ্গা একটি বিল্ডিংয়ের কাছে পৌঁছলে থামাতে বলা হয়। এরপর ওই স্থানে আগে থেকে অবস্থান করা এক ব্যক্তিসহ অটোর যাত্রীরা চালক রাশেদুল ইসলামের মুখ চেপে ধরে হাত পা গামছা দিয়ে বেঁধে ফেলেন। পরে পরিত্যক্ত একটি ঘরে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। রাশেদুল কোন মতে তার বাঁধন খুলে মিঠাপুকুর থানা পুলিশের টহল টিমকে বিষয়টি অবগত করে। পুলিশ অভিযান চালিয়ে ভোররাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের হাজীরমোড় এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারসহ আতিক ও সানুকে আটক করা হয়।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে দেশের বিভিন্ন জায়গায় অটো, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ছিনতাইয়ের কাজ করে আসছে। তারা সাধারণত ধরা পড়ার ভয়ে কোন এলাকায় বেশি দিন অবস্থান করে না। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.