
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন ইসলামীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিয়মনীতিকে তোয়াক্কা না করে গাছগুলো কেটে নেওয়ার ফলে স্থানীয় ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ময়েনপুন ইউনিয়নের বাতাসন ইসলামীয়া দাখিল মাদরাসায় সম্প্রতি ঝড়ে ৩টি গাছ হেলে পড়ে। এ সুয়োগে মাদরাসার ম্যানেজিং কমিটি সদস্য ছাদেকুল ইসলাম, কোরবান আলী, শিক্ষক প্রতিনিধি আওরঙ্গজেব ও নুরুল ইসলাম কৌশলে ৬টি গাছ কেটে বিক্রি করে দেন। গাছগুলোর মুল্য প্রায় দেড় লাখ টাকা বলে দাবি স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদরাসার শ্রেণীকক্ষের পাশে একটি আমগাছ কাটছেন শ্রমিকেরা। ৪ জন শ্রমিকের একটি দল গাছগুলো কাটলেও স্থানীয়দের বাধা প্রতিহত করার জন্য মাদরাসায় পাহারা দিচ্ছেন ম্যানেজিং কমিটি সদস্য ছাদেকুল ইসলাম, কোরবান আলী, শিক্ষক প্রতিনিধি আওরঙ্গজেব ও নুরুল ইসলাম। তারা বলেন, গাছগুলো কেটে মাদরাসার উন্নয়নে কাজে লাগানো হচ্ছে। তবে, নিয়মানুযায়ী গাছগুলো কাটা হয়নি বলে স্বীকার করেন তারা।
স্থানীয় সাইদুর ইসলাম, পুতুল মিয়া ও লাল মিয়া বলেন, মাদরাসার উন্নয়নের কথা বলে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা গাছগুলো কেটেছে। অথচ, কোন নিয়মনীতিকে তোয়াক্কা করা হয়নি। আমরা গাছ আত্মসাতকারীদের কঠোর শাস্তি দাবি করছি।
মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য শওকত আলী বলেন, গাছগুলো কেটে নেওয়ার জন্য আমি নিষেধ করেছিলাম কিন্তু, আমাকে উপেক্ষা করে গাছগুলো কর্তন করেছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূইয়া বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.