
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সিহাব মিয়া নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
আজ বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজন একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সকলেই ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধাবার দুপুরের দিকে শঠিবাড়ি ফিলিং ষ্টেশনের সামনে রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীদের মধ্যে সিহাব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এসময় পিকাআপ ভ্যানটি পালিয়ে যায়।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.