
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালুখেকোকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২টি ড্রেজার মেশিন ও একটি স্কেবেটর। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
জরিমানা দেওয়া ৪ বালুখেকো হলেন- মারুফ মিয়া, মিজানুর রহমান, এনামুল হক ও আলম মিয়া।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর ও মোলংহাট এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এরফলে সড়ক, ফসলী জমি ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকীর মুখে পড়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে আজ বুধবার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু ব্যবসায়ী রানীপুকুরের হাবিবপুর এলাকায় মামুনুর রশীদের ছেলে মারুফ মিয়া, আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান, পাইকান গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ও গাড়ী চালক আলম মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
এরপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন। এরমধ্যে মারুফ মিয়াকে এক লাখ, মিজানুর ও এনামুলের ৫০ হাজার করে এবং গাড়ী চালক আলম মিয়ার ৫ হাজার টাকা। এছাড়াও, ২টি ড্রেজার মেশিন ও একটি স্কেবেটর জব্দ করা হয়েছে।
মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী বলেন, মিঠাপুকুর থানা ও গ্রাম পুলিশসহ স্থানীয় জনসাধারণের সহযোগীতায় রাণীপুকুর ইউনিয়নের মোলং ও বলদীপুকুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং ২টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও একটি স্কেবেটর জব্দ করা হয়েছে। অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ জুলাই মিঠাপুকুর২৪নিউজডটকম-এ মিঠাপুকুরে চলছে বালু উত্তোলনের মহাযজ্ঞ, নজরদারি নেই প্রশাসনের – শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এম২৪নিউজ/আখতার।

