
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরের চেহারা বদলে গেছে। দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরের শোভা বর্ধন, নিরাপত্তা প্রাচীর ও দুটি আকর্ষণীয় প্রবেশদ্বার (গেট) নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। তাঁর এই ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে অরক্ষিত ও অবহেলিত অবস্থায় থাকা উপজেলা পরিষদ চত্বরটিকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন প্রশাসনিক কমপ্লেক্সে রূপান্তর করা হয়েছে। উপজেলা পরিষদের মূল প্রবেশপথে নির্মাণ করা হয়েছে দুটি আধুনিক ও শৈল্পিক গেট, যা দূর থেকেই পথচারীদের নজর কাড়ছে। চত্বরের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে চারপাশ মজবুত ও সুউচ্চ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর ফলে সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি বহিরাগতদের অবাধ প্রবেশ ও বিশৃঙ্খলা বন্ধ হয়েছে। চত্বরের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির ফুলের বাগান, শোভাবর্ধনকারী গাছপালা এবং বসার স্থান তৈরি করা হয়েছে। রাতে চত্বরটিকে আকর্ষণীয় করে তুলতে আধুনিক লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। উপজেলা পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা এই পরিবর্তনে অত্যন্ত আনন্দিত।
উপজেলা পরিষদ চত্বরে কথা হয় রাজিব মিয়া নামে একজন সেবাগ্রহীতার সাথে। তিনি বলেন, আগে যেখানে চত্বরটি কিছুটা অনাকর্ষণীয় ও অরক্ষিত মনে হতো, এখন সেখানে এলে মন জুড়িয়ে যায়। আরেক সেবাগ্রহীতা আপেল মাহমুদ বলেন, সরকারি দপ্তরে সেবা নেওয়ার পরিবেশ এখন অনেক বেশি পরিচ্ছন্ন ও নিরাপদ মনে হচ্ছে। ভালোই লাগছে।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দূরদর্শী নেতৃত্ব এবং সরকারি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের ফলেই এই দৃশ্যমান পরিবর্তন সম্ভব হয়েছে।
প্রশাসনিক কাজের পাশাপাশি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ইউএনও মোঃ পারভেজের এমন অসাধারণ ভূমিকা মিঠাপুকুরবাসীর হৃদয়ে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ বলেন, সরকারি সেবা দিতে এসে যদি পরিবেশ সুন্দর না থাকে, তবে কাজের গতি ব্যাহত হয়। উপজেলা পরিষদ চত্বরটিকে আরও নিরাপদ, আধুনিক ও সেবামুখী করে তুলতেই এই উন্নয়নমূলক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। মিঠাপুকুরের মুখচ্ছবি হিসেবে উপজেলা পরিষদকে প্রতিষ্ঠা করাই হচ্ছে এর উদ্দেশ্য। আগামীতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.