
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন নামে (৬৫) এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভাংচুর চালিয়েছে। এতে চেয়ার-টেবিল ভাংচুরসহ অনেক জিনিসপত্র তছনছ হয়ে যায়। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। রবিবার শরীরে দুর্বলতা দেখা দিলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ সোমবার সঠিক কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতদের স্বজনরা জানায়, নিজ বাড়িতে শারীরিক দুর্বলতা দেখা দিলে মোশারফকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরী বিভাগে নেওয়া হয়। পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এতে তার শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। কিন্তু দীর্ঘ সময় তাকে অক্সিজেন দেওয়া হয়নি। এ অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজনরা জরুরী বিভাগের টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এতে গোটা হাসপাতালে ভীতির সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ওই রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরমধ্যে শরীরে দ্রুত হাইপো ভলিমিক শক (রক্ত বা পানি স্বল্প কমে যাওয়া) প্রাপ্ত হন। এতে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
[caption id="attachment_16144" align="aligncenter" width="907"]
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ এনে জরুরী বিভাগ ভাংচুর করে উত্তেজিত জনতা। ছবি- সবুজ আহম্মেদ[/caption]
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চেয়ার-টেবিল ভাংচুর করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.