
স্টাফ রিপোর্টার:
রাত পোহালেই সপ্তম ধাপে মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো উপজেলা।
১৭২ টি কেন্দ্রে ১২০৭ টি বুথ ( কক্ষ) প্রস্তুত করা হয়েছে। ৮জন রিটার্নিং কর্মকর্তার অধীনে ভোট গ্রহণের জন্য ৩ হাজার ৭৯৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ উপজেলায় ৪লাখ ১৮ হাজার ৯৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, সপ্তম ধাপের নির্বাচনে এই উপজেলায় ১৭ টি ইউনিয়নের ২২১ টি পদে মোট ১ হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩১ জন, সাধারণ সদস্য পদে ৭৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে খোড়াগাছে ৯ জন, পায়রাবন্দে ৬ জন,কাফ্রিখালে ৬ জন, দুর্গাপুরে ১০ জন, ময়েনপুরে ৮ জন,বালারহাটে ৬ জন, বালুয়ামাসিমপুরে ১৩ জন, মিলনপুরে ৬ জন,বড়হযরতপুরে ৯ জন, লতিবপুরে ৬ জন,ইমাদপুরে ৬ জন, রাণীপুকুরে ৭ জন, ভাংনীতে ৯ জন, চেংমারীতে ৯ জন, বড়বালায় ৭ জন, গোপালপুরে ৬ জন ও মির্জাপুরে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াইয়ে নেমেছেন।
ইতোমধ্যে ১৭২ টি কেন্দ্র ও ১২০৭ টি বুথ (কক্ষ) প্রস্তুত করে ভোট গ্রহণের জন্য ৮ জন রিটার্নিং কর্মকর্তার অধীনে ১৭২ জন প্রিজাইডিং অফিসার, ১২০৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৪১৪ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ ও আইন শৃঙ্খলা রক্ষায় ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় মোট পুলিশ ও আনসার ভিডিপির সদস্য নিয়োজিত থাকবেন ৩ হাজার ৭৭০ জন।
রংপুর সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, ১৭২ টি কেন্দ্রের মধ্যে ১১২ টি কেন্দ্রের প্রতিটিতে ৫ জন এবং ঝুঁকিপূর্ন কেন্দ্র হিসেবে ৬০ টিতে ৬ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে তিনটি মোবাইল ও একটি করে স্ট্রাইকিং টিম নিয়োজিত থাকবে বলে জানান এএসপি মোঃ কামরুজ্জামান।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায় জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ৪ লক্ষ ১৮ হাজার ৯৪১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
এম২৪নিউজ/আখতার