
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে ২৭৬ মিটার হ্যারিং বোন বন্ডের (এইচবিবি) কাজ শেষ হয়েছে দু'দিন হলো। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা ব্যয়ে কাজটি করেছেন বালুয়া মাসিমপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি নির্মাণে চেয়ারম্যান ৩ নম্বর ইট ব্যবহার করেছেন। এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হলে তড়িঘড়ি করে ৩ নম্বর ইট তুলে ফেলেছেন চেয়ারম্যানের শ্রমিকরা। শুরু হয়েছে ১ নম্বর (মান সম্মত) ইট দিয়ে রাস্তা পুনর্নির্মাণের কাজ।
আজ বুধবার দুপুরে সরেজমিনে চাঁদপাড়া গিয়ে দেখা গেছে, একদল শ্রমিক ও মিস্ত্রি রাস্তায় ইট বিছানোর কাজ করছেন। প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে দুপুরের আগে। পূর্বের ব্যবহৃত ৩ নম্বর ইটগুলো ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে।
রাজমিস্ত্রি নাছিরুল ইসলাম ও মাসুদ রানা জানান, ৩ নম্বর ইটগুলো তুলে ফেলে নতুন করে রাস্তায় ১ নম্বর দিয়ে কাজ করা হচ্ছে। স্থানীয় আশিকুর রহমান বলেন, রাস্তাটির শুধুমাত্র ওপরের ইট তোলা হয়েছে। নিচের ৩ নম্বর ইটগুলো রয়ে গেছে। পুনর্নির্মাণ কাজেও চেয়ারম্যান চালাকি করছেন।
স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন, চাঁদপাড়া হতে নতুন করে কাজ করলেও বেলকোলা হতে বড়বাড়ি পর্যন্ত রাস্তাটিতে এখনও ৩ নম্বর ইট তোলা হয়নি। আমরা বিষয়টি প্রশাসনিক তদন্ত দাবি করছি।
বালুয়া মাসিমপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, ইট না পাওয়ায় ৩ নম্বর দিয়ে কাজ করা হয়েছিল। এখন সেগুলো তুলে ১ নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী আকতারুজ্জামান বলেন, সহকারী প্রকৌশলী মাসুদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তত্ত্বাবধানের ৩ নম্বর ইট তুলে ১ নম্বর দিয়ে কাজ করা হচ্ছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.