
নিউজ ডেস্ক:
মিঠাপুকুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সন্ত্রাসীরা তার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে।
মঙ্গলবার অফিস চলাকালীন সময় বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে মৎস্যজীবি সমিতির সভাপতি সুধীর চন্দ্র জীবনের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী মৎস্য কমকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এসময় তারা উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা খালেদ মোশারফের কাছে জাতীয় কৃষি প্রযুক্তি (এনএটিপি) প্রকল্পের বেড় জাল বিতরণ করা নিয়ে বাকবিতন্ডতায় লিপ্ত হন। এসময় তারা লাঠি দিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর শুরু করেন। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা মৎস্য কমকর্তা খালেদ মোশারফের ওপর হামলা চালান। এতে, তার মাথা ফেটে যায়। তাকে রক্ষা করতে গেলে অফিস সহকারী দেলদার হোসেনও আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে দুস্কৃতিকারীরা চলে যায়।
মৎস্য কর্মকর্তা ও অফিস সহকারীকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মৎস্য কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার শিকার সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ অসুস্থ্য থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মৎস্যজীবি সমিতির সভাপতি সুধীর চন্দ্র জীবনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া বলেন, মৎস্যজীবি সমিতির নেতা সুধীর বাবুর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। মৎস্য কর্মকর্তা একটু সুস্থ্য হলে তিনি বাদি হয়ে মামলা দায়ের করবেন।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.