
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে খোড়াগাছ ইউনিয়নের রঙ্গাতিপাড়া এলাকায় শামসুল হক ভুট্টো নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আহত করার প্রায় চার মাস পর গত বুধবার (১৭ জুন) রাতে তার মৃত্যু হয়েছে। এর আগে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২২ মার্চ উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রঙ্গাতিপাড়ায় রাত তিনটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে শামসুল আলম ভুট্টো নামে ওই ব্যক্তিকে আটক করে অমানবিকভাবে নির্যাতন চালানো হয়। পরের দিন সকালে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ভূট্টকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ওই সময় ভুট্টোর ছোট ভাই দুলাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ শহীদুল ইসলাম তার বড় মেয়ে শিরিনা বেগম ও জামাতা আনিসুল ইসলাম ও রাজু নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২২ মার্চ রাতে শামসুল আলম ভুট্টোকে আটক করে একই এলাকার শহীদুল ইসলাম ও তার পরিবারের লোকজন। প্রথমে তাকে গাছের সাথে বেঁধে বেদম মারপিট করে আহত করা হয়। পরে হাত-পা বেঁধে তাকে আবারো বেধড়ক মারপিট করা হয়। ভুট্টোর চিৎকারে তার মা এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন শহীদুলের পরিবারের লোকজন। শহীদুল ইসলাম ও তার স্ত্রী শেফালী বেগম ছাড়াও শহীদুলের ভায়রা রাজু ও তার স্ত্রী বেবি, মেয়ে শিরিনা, জামাই আনিসুল, সাহাবুল বেধড়ক মারপিট করে। খবর পেয়ে ওই রাতে এ ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন।
খন্দকার মিলন জানায়, ওই রাতে তিনি তার শ্বশুড়বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ রাতে চিৎকার শুনে বাইরে বের হন। এতে এগিয়ে গিয়ে তিনি বাধা প্রদান করেন। কিন্তু তার বাধা উপেক্ষা করে বেধড়ক মারপিট করতে থাকে সন্ত্রাসীরা। ভুট্টোর মা আম্বিয়া বেগম জানায়, এলাকাবাসীর ডাকে ও ছেলের চিৎকারে এগিয়ে গেলে তিনিও সন্ত্রাসী শহীদুল এর কাছে মারপিটের শিকার হন।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, রংপুরে চিকিৎসাধীন থাকার কিছুদিন পর কিছুটা সুস্থ্য হয়ে ভুট্রু নিজ বাড়িতে ফিরে আসেন। হঠাৎ করে গত বুধবার তিনি অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে মারা যান। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতজনিত কারণে মৃত্যু হলে আরেকটি মামলা হবে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.