
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের ধাপ শ্যামপুর খয়রাতিয়া দ্বি-মুখী দাখিল মাদরাসায় গোপনে কমিটি গঠনের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটার তালিকায় বিবাহিত ও অনিয়মিত শিক্ষার্থী, ভুয়া ঠিকানা ব্যবহার করে ভোটার হয়েছেন। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধাপ শ্যামপুর খয়রাতিয়া দ্বি-মুখী দাখিল মাদরাসায় চলতি বছরের মে মাসের ৫ হতে ১১ তারিখ ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ সময়। নিয়মানুযায়ী নির্বাচনে তফশিল গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিজ্ঞপ্তির মাধ্যমে অভিভাবক ও জন সাধারনকে জানানো এবং শিক্ষার্থীদের মাঝে নোটিশ প্রদান করতে হবে।
এছাড়াও, নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু, ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জানানো হয় শেষ সময়ের দিকে। এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমুহে প্রচার করা হয়নি। একারণে, বর্তমান সভাপতি মনোনিত কয়েকজন অভিাভাবক সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে।
নির্বাচনের জন্য ভোটার তালিকায় রয়েছে বিবাহিত ও ভুয়া ঠিকানার শিক্ষার্থীর অভিভাবকের নাম। এদের মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় চাঁন মিয়ার মেয়ে, নওশাদ আলীর মেয়ে, আনারুল ইসলামের মেয়ের বিয়ে হয়ে গেছে করোনাকালিন সময়ে। তাদেরকেও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে।
ঝরে পড়া শিক্ষার্থী শিলা খাতেমা, রিয়া বানু, আখিরুজ্জামান, ফিরোজ মিয়ার নাম রয়েছে তালিকায়। এছাড়াও, মুশফিকার আক্তারের গ্রাম বগেরবাড়ি হলেও ভোটার তালিকায় রয়েছে ধাপ শ্যামপুর গ্রামের নাম। এরকম শিক্ষার্থী রোমান মিয়া, সিহাব ইসলামসহ অনেক শিক্ষার্থীর ভুল ঠিকানা ব্যবহার হয়েছে। রয়েছে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম।
এদের মধ্যে স্থানীয় হাফেজিয়া মাদরাসার রাশেদুল ইসলাম, ফিরোজ মিয়া, মেহেদী হাসান, হৃদয় মিয়া, তাসকিয়া খাতুনের নাম। স্থানীয় ব্র্যাক বিদ্যালয়ে পড়ুয়া তৃতীয় শ্রেণীর ফাতেমা বেগম ও পঞ্চম শ্রেণীর তামিম মিয়ার নাম রয়েছে ভোটার তালিকায়।
স্থানীয় কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, মাদরাসার অনেক সম্পত্তি রয়েছে। সেগুলো কয়েক বছর ধরে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করছেন বর্তমান সভাপতি মাজহারুল ইসলাম সূর্য। আবারও তিনি পুনরায় সভাপতি হওয়ার জন্য গোপনে ম্যানেজিং কমিটি গঠনের পায়রাতা চালাচ্ছেন। ইতোমধ্যে তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় কয়েকজন অভিভাবক নির্বাচনের চেষ্টা করছেন।
ধাপ শ্যামপুর খয়রাতিয়া দ্বি-মুখি দাখিল মাদরাসার সুপার আব্দুল কুদ্দুস সরকার ভুল ভোটার তালিকার কথা স্বীকার করে বলেন, করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থীর বিয়ে, ঝরে পড়ার কারণে ভোটার তালিকায় কিছু ভুল রয়েছে। সেগুলো সংশোধন করা প্রয়োজন ছিল। নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ বিষয়ে তিনি বলেন, আমি ৯ মে তারিখে কাগজ হাতে পাই। তার পরদিন আমি প্রকাশ করেছি।
নির্বাচনে প্রিজাইডিং ও উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, অভিযোগের কথা শুনেছি। এখনও নির্বাচনে প্রক্রিয়া শেষ হয়নি। ভোটার তালিকায় ভুল ও নির্বাচনের নিয়মনিতি না মানা হলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে পুনরায় তফসিল ঘোষনা করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.