
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ী এলাকার সোনার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জনা যায়, নিহত মহিদুল ওই গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তিনি ইমিটিশন (বালির) কারিগর হিসেবে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
মহিদুল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে প্রতিবেশী অটোভ্যান চালক আশরাফুলের বাড়ীতে যান। দু'জনের মধ্যে গল্প চলাকালীন সময় পাশেই আশরাফুলের চার্জে লাগানো অটোভ্যানে বসা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন মহিদুল। তাকে বাঁচাতে গেলে শরীর হাত দেয়া মাত্র ছিটকে পড়ে আশরাফুল।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে চার্জারের লাইন বন্ধ করে গুরুতর অবস্থায় মহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোপালপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা (এসআই) নাজমুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট নিয়েছি। তবে, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.