
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে পাওনা টাকা চাওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে সাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঐ ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন।
হাসপাতালে চিকিত্সাধীন সাইদুল ইসলাম শনিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মামলা তুলে নিতে তাকে চাপ দেওয়া হচ্ছে। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। উপজেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র শুকুরেরহাটে এ ঘটনা ঘটেছে।
মামলার সূত্র ও হামলার শিকার ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে সাইদুল ইসলাম স্থানীয় শুকুরেরহাটে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা করেন। তিনি প্রতিবেশি বিপুল মিয়ার কাছে জমি বিক্রি বাবদ ১ লাখ টাকা পান। কিন্তু দীর্ঘদিনেও টাকা না দিয়ে টালবাহানা করে আসছেন। এ নিয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছে সাইদুলের।
গত বুধবার রাতে টাকা পরিশোধের কথা বলে সাইদুলকে বাড়ি থেকে শুকুরেরহাটে ডেকে নেন বিপুল। একটি মোটরসাইকেল গ্যারেজের ভেতর নিয়ে সাইদুলকে খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে বিপুলের নেতৃত্বে তোজাম্মেল, মোতাহার, বদিয়ার, আব্দুল্ল্যা ও পলাশ লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে পা ভেঙে দেয়। খবর পেয়ে তার ভাই লাল মিয়া ও শফিকুল ইসলাম সেখানে গেলে তাদেরকেও মারপিট করে সন্ত্রাসীরা।
মিঠাপুকুর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জানান, সাইদুল ইসলামের পায়ের অবস্থা গুরুত্বর। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।
এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন সাইদুল। তবে, কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, আসামিদের গ্রেফতারে জোর তত্পরতা চলছে। বাদিকে হুমকির বিষয়ে বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। এমন ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.