
স্টাফ রিপোর্টার (মিঠাপুুকর):
ভুট্টা ক্ষেত নষ্ট করায় ছাগল খোয়াড়ে দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলী সরকার (৭২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাদের হামলায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার বিকেলে চেংমারী ইউনিয়নে আবিরের পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল বুধবার ভোররাতে অভিযান চালিয়ে রাব্বি মিয়া, মুক্তা বেগম, রিক্তা বেগম, খাদিজা বেগম ও প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক সাজু মিয়া কয়েক শতক জমিতে ভুট্টা ক্ষেত লাগিয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের একটি ছাগল ওই ভুট্টা ক্ষেত নষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে কৃষক সাজু মিয়া ছাগলটি খোয়াড়ে দেন।
মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীর আলম তার স্বজনদের নিয়ে কৃষক সাজু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় সাজু মিয়ার চাচা রুস্তম আলী সরকার, রুবেল, রাসেল ও জিয়ারুল নামে চারজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে রুস্তম আলী সরকার মারা যান।
এ ঘটনায় নিহত রোস্তম আলীর ভাই নুরুন্নবী সরকার বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, অভিযান চালিয়ে ইতিমধ্যে মূল আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.