
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবি নিয়ে এক সন্তানের জননী এক নারী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অনশনকারী প্রেমিকার দাবি মুঠোফোনে পরিচয়ের সুবাদে গত তিন বছর ধরে প্রেমিক যুগলের সম্পর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিচয় থেকে গভীর প্রেম শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদ পাড়া গ্রামে। ঘটনার পর থেকে প্রেমিক যুবক ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন।
অনশনকারী প্রেমিকা মোরশেদা বেগম (২৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ তেলাই গ্রামের মোফাজ্জল মিয়ার মেয়ে। তার ইতিপূর্বে বিয়ে হয়েছিল। সেই ঘরের একটি সন্তান আছে।
জানা গেছে, অনশনকারী প্রেমিকা মোরশেদা বেগম গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রেমিকা প্রেমিক আব্দুল্যার বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশনে রয়েছে। প্রেমিক আব্দুল্যার বাড়ি উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার চাঁদপাড়া গ্রামের মোহসিন মিয়ার ছেলে আব্দুল্যার সাথে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) একই গ্রামের মুকুল মিয়ার মেয়ের সাথে বিয়ের আয়োজন করা হয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতায় উভয় পক্ষের আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়। আগত অতিথিরা বিয়ে বাড়িতে আনন্দ উৎসব করার সময় প্রেমিকা মোরশেদা বেগম উপস্থিত হয়ে সবকিছু খুলে বলে তাকেই বিয়ে করার দাবি জানান। বিষয়টি এলাকায় জানাজানি হলে আব্দুল্যাহ ও তার বাড়ির লোকজন তাদের বাড়ি থেকে আত্মগোপন করেন।
এম২৪নিউজ/আখতার