
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে ভূয়া মসজিদ ও ইমাম-সভাপতির নাম দিয়ে সরকারী বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। শুধু একটি ইউনিয়নেরই বেশি মসজিদের ভূয়া নাম ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় এলাকাবাসি ইউএনও বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উল ফিতর উপলক্ষে মিঠাপুকুর উপজেলার ১১৬২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ হয়। বালুয়ামাসিমপুর ইউনিয়নে মসজিদ, সভাপতি ও ইমামের ভূয়া নাম ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে।
বালুয়া মাসিমপুর ইউনিয়নে সরেজমিনে গিয়ে এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, একটি প্রতারক চক্র এই ইউনিয়নের ৮টি মসজিদের ভূয়া নাম দিয়ে টাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। মসজিদগুলো হলো- পুর্ব খিয়ারপাড়া নামাজঘর মসজিদ, মধ্য খিয়ারপাড়া ওয়াক্তিয়া মসজিদ, নতুন খিয়ারপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া ওয়াক্তিয়া মসজিদ, বালুয়া গোডাউন নামাজ ঘর, বালুয়া পশ্চিমপাড়া জামে মসজিদ, চাঁনটারী চর ওয়াক্তিয়া মসজিদ ও ভাটারপাড়া নামাজ ঘর।
বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম চৌধুরী বলেন, যারা মসজিদের ভূয়া নাম ব্যবহার করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ফকিরপাড়ার আরিফুল ইসলাম লুলু বলেন, এখানে যে মসজিদের নাম ব্যবহার করা হয়েছে, ওই নামে কোন মসজিদ নেই। মধ্য খিয়ারপাড়ার বুলবুল হোসেন এবং ভাটারপাড়ার বাদল মিয়াও জানালেন, তাদের এলাকায় বরাদ্দ হওয়া মসজিদের নাম বাস্তবে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে অভিযোগ করেন, বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হকের ছত্রছায়ায় তার ঘনিষ্ঠ কোরবান আলী ও সেকেন্দার আলী জামে মসজিদ ও ওয়াক্তিয়া নামাজ ঘরের ভূয়া নাম, সভাপতি ও ইমাম-মুয়াজ্জিনের নাম ও মোবাইল ফোন নম্বর ভূল দিয়ে টাকা আত্মসাত করে গা ঢাকা দিয়েছেন। তবে, অভিযুক্ত কোরবান আলী ও সেকেন্দার আলী অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ময়নুল হক বলেন, মসজিদের তালিকার দায়িত্ব ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধিদের। তাদের তালিকায় অনেক ভুল ছিল।’ তার ঘণিষ্ঠদের সাথে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন ভুঁইয়া বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এম২৪নিউজ/আখতার।