
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বহুল আলোচিত শিশু রহিমাকে ধর্ষণের পর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসি। আজ বৃহস্পতিবার সকালে বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হাবিবুর রহমান জুয়েল, সামছুল ইসলাম, জুলহাজ আবেদীন, উজ্জল মিয়া, সাখাওয়াত হোসেন রাকিব প্রমুখ। বক্তারা শিশু রহিমাকে ধর্ষণ ও হত্যাকারী ফুফাতো ভাই রাজা মিয়াসহ অন্য অপরাধীদের অবিলন্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৮ মে উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গাছুয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রহিমা খাতুন (১০) কে ধর্ষণের পর হত্যা করে তারই ফুফাতো ভাই রাজা মিয়া। এরপর ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে লাশ পুতে রাখে। একদিন পর পুলিশ ঘরের মেঝের মাটি খুঁড়ে রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত রহিমার বাবা রবিউল ইসলাম বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মূল অপরাধী রাজা মিয়াসহ এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.