মিঠাপুকুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে প্রেমের সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সৌরভ (১৯) নামে এক তরুণ। বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বারই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের শ্রী বাবু রায়ের ছেলে।

স্বজনরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে প্রেম হয় সৌরভের। প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় কয়েকদিন থেকে সে মানসিক বিপর্যস্ত ছিলো। স্থানীয়দের ধারনা, বৃহস্পতিবার রাতে কোন একসময় বাড়ির পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সৌরভ।

পরিবারের লোকজন জানায়, শ্রী-বাবু রায়ের তিন সন্তানের মধ্যে সবার ছোট সন্তান সৌরভ। সে রংপুরের একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। বেশ কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু ওই তরুণীর অন্য জায়গায় বিয়ে হওয়ায় সৌরভ মানসিক ভাবে ভেঙে পড়েন। বুধবার (৩-জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টা পর্যন্ত সে তার চাচাতো ভাই এবং সহপাঠীদের সঙ্গে ছিলেন। পরে যে যার বাড়িতে চলে গেলেও সৌরভ বাড়ি ফেরেনি। মৃত্যুর পূর্বে সৌরভ নিজের ফেসবুক পেজ থেকেও একটি ভিডিও পোস্ট দিয়েছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে প্রায় ৪০ গজ দুরে একটি আমগাছে সৌরভের ঝুলন্ত মরদেহ দেখে তার পরিবারের লোকজন চিৎকার দেয়। এরপর লোকজন জড়ো হতে থাকে। পরে মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং আত্মাহত্যার বিষয়টি নিশ্চিত হন।

মিঠাপুকুর থানা পুলিশের এসআই মোস্তফা কামাল জানান, সৌরভের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটের লেখা অনুযায়ী সে নিজেই আত্মহত্যা করেছে। সে তার মৃত্যুর জন্য কাউকে দায়ি করেনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply