
স্টাফ রিপোর্টার |
রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের দ্বন্দ্বে পরীক্ষার হলে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ওই বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। গত শনিবার বিকেলে দশম ও সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী বসে গল্প করছিল। এ সময় সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে গতকাল দুপুরে শিক্ষকদের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, দুই পক্ষ অনড় থাকায় ভেস্তে যায়।
রোববার সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ১৫/২০ জন বহিরাগতদের সাথে নিয়ে বিদ্যালয়ে আসে। তারা পরীক্ষার হলে প্রবেশ করে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসানের খাতা টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ সময় অন্যান্য সহপাঠীরা প্রতিবাদ করলে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বিদ্যালয়ের শিক্ষক মোখতার হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী ময়নুল, জিহাদ, উজ্জল, মামুন, রিয়াদসহ ১০ আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, শনিবার সপ্তম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে একটু ভুলবোঝাবুঝির কারণে আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়েছে।
শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল ইসলাম বলেন, সামান্য কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তেমন কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তেমন গুরুতর নয়। বিষয়টি মিমাংসা হয়েছে বলে জানতে পেরেছি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে একটু ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছিল। পরে, বিষয়টি সমঝোতা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.