
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে দিন-দুপুরে এক স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে আঘাত করে সাইকেল ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয়রা। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার এরশাদমোড়-রাণীপুকুর কাঁচা রাস্তায় এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীর শিকার ওই শিক্ষার্থীর নাম মোস্তাক আহমেদ। সে স্থানীয় রাণীপুকুর ব্লুমিংবাড প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং দৌলত নুরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে মোস্তাক আহমেদ প্রতিদিনের মতোই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। সে এরশাদমোড়-রাণীপুকুর কাঁচা রাস্তায় পৌঁছালে ওঁত পেতে থাকা দুই ছিনতাইকারী তার পথরোধ করে এবং সাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোস্তাক বাধা দিলে ছিনতাইকারী তার মাথায় সজোরে আঘাত করে। আঘাতে মোস্তাক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়।
পরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী স্থানীয় লোকজন তাকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসনের চরম উদাসীনতা ও রহস্যজনক নীরবতার সুযোগে রাণীপুকুর এলাকায় বর্তমানে মাদকের ভয়াবহতা মারাত্মক রূপ ধারণ করেছে। মাদকাসক্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
ছিনতাইকারীর শিকার ওই শিক্ষার্থীর বাবা আতাউর রহমান বলেন, সামান্য একটি সাইকেলের জন্য দিন-দুপুরে আমার ছেলের ওপর এভাবে হামলা হলো, এটা মেনে নিতে পারছিনা। ছিনতাইকারীরা আমার ছেলের মাথায় যেভাবে আঘাত করেছে, এতে বড় ধরনের দুর্ঘটনাও করতে পারত।
স্থানীয় শিক্ষক আরিফুজ্জামান ফুয়াদ বলেন, রাণীপুকুরে এখন মাদক আর ছিনতাইকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। মূলত মাদক কেনার টাকার জন্যই এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
রাণীপুকুর এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.