মিঠাপুকুরে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যার চেষ্টা!

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্নহত্যার চেষ্টা করেছেন রবিউল ইসলাম (৩২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক। আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬-এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি ওই প্রতিবন্ধী যুবক ওই গ্রামের দিনমজুর আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, প্রতিবন্ধী রবিউল ইসলাম বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলতো। দীর্ঘদিন থেকে সে মাদকসেবন করে। মূলত. অভাবের কারনে সে আত্মহত্যার চেষ্টা করেছে।

প্রতিবেশীরা জানায়, রবিউল ইসলাম জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী। তার কোমরের নিচের অংশ থেকে দুটি পা অচল। রবিউলের পিতা-মাতা বয়সের ভারে নুয়ে পড়েছে। রবিউল পারিবারিক অভাব অনাটন সইতে না পেরে ব্লেড দিয়ে নিজের গলা নিজে কাটার চেষ্টা করেন। এসময় তাকে বাঁচাতে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সে জানায়, তাকে কেউ বাঁচাতে আসলে সে নিজের গলা কেটে ফেলে আত্মহত্যা করবে। পরে ভয়ে আর কেউ তার কাছে যায়নি। কিন্তু দুর থেকে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে তার গলার শ্বাসনালীর অনেকাংশ কেটে যায়। পরে প্রতিবেশী ভাগিনা রাজু আহম্মেদ এবং গ্রাম পুলিশ সদস্য তাঁকে উদ্ধার করে ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানায়, রবিউল ইসলাম দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে জায়গীর হাট, শুকুরেরহাট সহ বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করতো। দুটি পা অচল হওয়ার কারণে মানুষ তাকে ভালই সহযোগীতা করতো। হঠাৎ সে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি দুঃখজনক।

রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, বিষয়টি গ্রাম পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply