
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাণীপুকুর ইউনিয়নের এরশাদমোড়ে মেসার্স শাহ্ ফিলিং স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে বস্তুটি দেখার পর পুলিশে খবর দেন ফিলিং স্টেশনের মালিক শাহাজাদা মিয়া।
পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে ভেঙ্গে ফেলে। স্থানীয়রা বলছেন, এলাকায় আতংক সৃষ্টি করার জন্য বস্তুটি সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী আঞ্চলিক সড়কের এরশাদমোড়ে মেসার্স শাহ্ ফিলিং স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে বোমাসদৃশ একটি বস্তুর শব্দ শুনে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিঠাপুকুর থানার ওসি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে। এবং সেটি বোমা নয় বলে জানানো হয়।
মেসার্স শাহ্ ফিলিং স্টেশনের মালিক শাহাজাদা মিয়া বলেন, রাত ১১টার দিকে একজন কর্মচারী মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেন। আমি তাৎক্ষনিক পুলিশে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে ভেঙ্গে ফেলে। আসলে সেটি বোমা ছিলনা।
স্থানীয় শফিকুল ইসলাম বলেন, এলাকায় আতংক সৃষ্টি করার জন্য পাম্প সংলগ্ন বোমা সদৃশ্য ওই বন্তুটি রেখে যায় দৃর্বৃত্তরা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বস্তুটি তেমন কিছু নয়। কে বা কারা পুরাতন ঘড়ির কভারে ব্যাটারীর সাথে ছোট একটি স্পিকার সংযোগ করে টেপ দিয়ে পেঁচিয়ে সেখানে রেখে যায়। সেখান থেকে ঘড়ির এলার্মের মতো শব্দ হচ্ছিল। পরে সেটিকে উদ্ধার করে স্থানীয়দের সামনে ভেঙ্গে ফেলা হয়েছে।
এমম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.