
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মাহফুজুর রহমান মনির নামে এক ভূয়া চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (২৩ জানুয়ারী) বিকালে রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর যুব সমবায় সমিতি মার্কেটে চেম্বার খুলে রোগী দেখার সময় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল।
অভিযান চলাকালে ডাক্তার নামধারী মাহফুজুর রহমান মনির প্রয়োজনীয় কাগজপত্রাদি, ডাক্তারি সনদপত্র এবং ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে মাহফুজুর রহমান মনিরকে ভ্রামমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
জানা যায়, মোঃ মাহফুজুর রহমান মনির নিজেকে এমবিবিএস ডাক্তারসহ বিভিন্ন উপাধি ব্যবহার করতেন। ভারতসহ কয়েকটি দেশের নামধারী ডিগ্রি রয়েছে তার। ক্যান্সার, ব্রেইন টিউমার, কিডনিসহ জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি। বিভিন্ন সরকারি বেসরকারী হাসপাতালের বিভাগীয় প্রধানসহ অসংখ্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করতেন। গরীব আর দুস্থ মানুষদের সেবার নামে কার্ডের মাধ্যমে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। স্থান বদল করে দেশের বিভিন্ন জায়গায় গড়তেন নিত্যনতুন প্রতারনার ফাঁদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, ডাক্তার নামধারী মাহফুজুর রহমান (মনির) নামে একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গাইবান্ধায় তার বাড়ি হলেও, রংপুর চকবাজারসহ বিভিন্ন থানায় ভিন্ন ভিন্ন পরিচয়ে সে রোগী দেখতো।
সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, নিজেকে ডাক্তার দাবি করে মাহফুজুর রহমান (মনির) সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিলো। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ভ্রামমান আদালত তার তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.