
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল বিপুল পরিমাণ নগদ টাকাসহ স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
বুধবার (১৫ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
মিঠাপুকুর থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল সাবেক সেনাসদস্য নুরুজ্জামানের বাড়িতে হানা দেয়। সাবেক সেনা সদস্য নুরুজ্জামান অসুস্থ্যজনিত করণে রংপুর সিএমএইচ এ ভর্তি ছিলেন। এসময় স্ত্রী ও মেয়ে তার সাথে ছিলেন। এই সুযোগে ডাকাতরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢোকার পর তারা প্রায় দেড় ঘণ্টা ধরে পুরো বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা আলমারিতে থাকা নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে। চলে যাওয়ার সময় একটি মোটরসাইকেলও নিয়ে যায় তারা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ নাহিদ হাসান, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও তদন্তকারি কর্মকর্তা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.