
শামীম আখতার ||
রংপুরের মিঠাপুকুরে বাস-অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মোকছেদুল হক (৪৫) নামে এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই দিন বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোকছেদুল উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় ফজলু মিয়া (৪৭) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তার ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ীক কাজ শেষ করে উপজেলার শঠিবাড়ী হাট থেকে অটোরিক্সা যোগে বাড়ীতে ফিরছিলেন মোকছেদুল হক। এসময় মহাসড়কের গড়েরমাথা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিক্সায় থাকা ব্যবসায়ী মোকছেদুল ও ফজলু নামে দুইজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মোকছেদুল হককে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। ফজলু মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাজান আলী বলেন, আমরা বাস ও অটোর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে জানতে পারি মোকছেদুল হক নামে একজন একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলীত ভাঙ্গা অটোরিক্সাটি থানা হেফাজতে আছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.