
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার জায়গীর বাজারে মজনু মিয়া নামে এক ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে ওই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন। এসময় সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভুয়া চিকিৎসক মজনু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাটে চেম্বার খুলে চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে গ্রামের গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন অভিযুক্ত মজনু মিয়া। ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই মজনু মিয়ার চেম্বারে অভিযান চালায় রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুসারে ৫১ ধারায় দোষী সাব্যস্ত করে মজনু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজাহারুল ইসলাম।
কিছুদিন পর মজনু মিয়া সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চেম্বার খুলে তার কর্মযজ্ঞ চালাতে থাকেন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আবারও অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল। সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিষয়ক কোন ডিগ্রী না থাকায় মজনু মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন বলেন, মজনু মিয়া সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিষয়ক ডিগ্রীর কোন কাগজপত্র দেখাতে না পারায় তার জেল ও জরিমানা করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.