
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রোকসানা বেগম (১৯) নামে এক নববধূকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণার অভিযোগে ওই গৃহবধূর শ্বশুর ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রোকসানা বেগমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত রোকসানা বেগম উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর পাইলচড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, সাত মাস আগে ইমাদপুর মধ্যপাড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে রোকসানার সাথে শাহিনের বিয়ে হয়। স্ত্রীকে বাড়িতে রেখে শাহিন ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
পুলিশ জানায়, স্বামীর অনুপস্থিতির কারণে বাড়িতে শ্বশুর, শাশুড়ি ও দেবরের সঙ্গে রোকসানার প্রায়-ই ঝগড়া লাগতো। এ নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। সকালে পারিবারিক অশান্তির জেরে তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছেন বলে ওই নারীর বাবা অভিযোগ করেছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ইতোমধ্যে গৃহবধূর শ্বশুর আবদুর রাজ্জাক ও দেবর সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.