
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে প্রবাসীর পরিত্যক্ত বাড়ি থেকে বাবলু মিয়া (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার ইমাদপুর ইউনিয়নে মোল্লারহাট স্কুলের পিছনে প্রতিবেশী প্রবাসী মনজুরুল ইসলামের পরিত্যক্ত বাড়ির খড়ির ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবলু মিয়া ওই ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় স্থানীয় মাঠেরহাট বাজারে ছাগলের ওষুধ আনতে বেরিয়ে যান বাবলু মিয়া। তারপর তিনি আর ফিরে আসেননি। পরদিন শনিবার দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
নিহত বাবলু মিয়ার স্ত্রী মনজুয়ারা বেগম জানান, বাজারে ছাগলের ওষুধ আনতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। পরদিন তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ বিষয়ে তিনি মিঠাপুকুর থানায় একটি ইউডি মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.