
স্টাফ রিপোর্টার:
সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের আইনি অধিকার বাস্তবায়ন ও সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)’–এর আয়োজনে ১০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বলেন, শিক্ষক-কর্মচারী বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল করে বৈষম্য নিরসন এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, অনিয়ম, জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতে হবে।
কর্মসূচিতে উত্থাপিত প্রধান দাবিসমূহ হলো দ্রুত পদ-সোপান তৈরি করে পদোন্নতি প্রদান, শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য নিশ্চিত করে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রটেকশন কার্যকর, একাধিক কলেজের চাকুরি গণনা করে তাদের চাকরির সময়কাল নির্ধারণ, সহজে চাকরির স্থায়ীকরণ সম্পন্ন করার দাবি জানান।
পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃরোকুনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে সমাধানহীন অবস্থায় পড়ে আছে শিক্ষক-কর্মচারীরা। প্রশাসনিক জটিলতায় পদোন্নতি, স্থায়ীকরণ, পে-প্রটেকশনসহ নানান মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত। তাই ন্যায্য অধিকার দ্রুত সময়ে বাস্তবায়নের দাবি জানান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.