
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পৃথক ঘটনায় একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে সকাল ও বিকেলে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার (ভাঁজের মোড়) কোয়ালিপাড়ায় মমিনুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে মাহির বাবু বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। আধা ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এর প্রায় ছয় ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে একই ইউনিয়নের বলদিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তফা কোল্ডস্টোরেজ অ্যান্ড বীজ হিমাগারের ভেতরের পুকুরে পড়ে মারা যায় দেড় বছরের শিশু শাহরিয়ার আলম। সে বগুড়া থেকে নানার কর্মস্থলে বেড়াতে এসেছিল। শাহরিয়ার ওই হিমাগারের মেশিন অপারেটর ওয়াহেদ মিয়ার নাতি।
স্থানীয়রা জানান, হিমাগারের সিসিটিভি ফুটেজ দেখে শিশুটির পানিতে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহরিয়ারের বাবা-মা দুজনেই সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.