
অনলাইন ডেস্ক:
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া দিবসের আনুষ্ঠানিকতায় অতিথিদের উপস্থিত হতে দেরি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও রোকেয়া অনুরাগীরা। এটিকে বেগম রোকেয়ার প্রতি অবমাননা বলছেন তারা।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠানের সূচি থাকলেও অতিথিদের বিলম্বে উপস্থিতির কারণে ফুল হাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের।
বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসা নিউ ফ্রেন্ডস প্রি ক্যাডেট স্কুল বৈরাগীগঞ্জের শিক্ষিকা জানাতুল ফেরদৌস জেমি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ দিনে সময়ানুবর্তিতা প্রত্যাশিত ছিল। বেগম রোকেয়ার মতো বিপ্লবী নারীর স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে এমন উদাসীনতা দুঃখজনক। এটি যেন তার প্রতি অসম্মানের প্রকাশ।’
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, নারী স্বাধীনতার অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে আজও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। রোকেয়ার জীবন সংগ্রামের মাধ্যমে আমরা যে সমতার কথা শিখেছি, সেই আদর্শ অনুষ্ঠানের আয়োজনেও প্রতিফলিত হওয়া উচিত ছিল।
বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসা নিউ ফ্রেন্ডস প্রি ক্যাডেট স্কুল বৈরাগীগঞ্জের শিক্ষার্থী জুথি বলেন, সকাল ৮টায় আসছি। ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, ক্ষুধাও লাগছে। এখন চলে যাচ্ছি বাসায়।
আয়োজকরা বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, শহরে নানা প্রোগ্রামের কারণে অতিথিদের আসতে দেরি হয়েছে। তবে শিক্ষার্থী ও দর্শনার্থীরা এমন অব্যবস্থাপনায় হতাশা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সময়ানুবর্তিতা রক্ষার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক রবিউল ফয়সালকে গণমাধ্যমকর্মীরা সকাল থেকেই কয়েক দফায় ফোন করলে, শহরে চলমান একটি প্রোগ্রাম শেষ করে কিছুক্ষণের মধ্যে রওনা করবেন বলেও জানিয়েছেন। তবে সময় গড়িয়ে গেলেও দুপুর সাড়ে ১২টা নাগাদ তালিকাভুক্ত কোনো অতিথিদের দেখা মেলেনি বেগম রোকেয়ার জন্ম ভিটায়। সূত্র: সময়
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.