
ফলোআপ-
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় একসঙ্গে ‘অ্যালকোহল’ পান করা এরশাদ মিয়া (৪০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রবিবার থেকে সোমবার দুপুরের মধ্যে এ ঘটনায় আরো ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত. তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালই গ্রামের মৃত. মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত. কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫) এবং বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত. সুলতান আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০)।
সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। এসময় এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি একসঙ্গে অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে ওই রাতেই তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়া ও এরশাদ মিয়া নামে আরও দুইজনের মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.