
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় একসঙ্গে ‘অ্যালকোহল’ পানের পর তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মারা যাওয়া তিনজন হলেন, উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত. তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালই গ্রামের মৃত. মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত. কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫)।
হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ব্যক্তি হলেন, বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত. সুলতান আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) রাতে বালারহাট বাজারে ওই চার ব্যক্তি একসঙ্গে অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে ওই রাতেই তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা অতিরিক্ত মদ্যপান করেই মারা গেছেন। লাশ যাতে পোস্টমর্টেম করাতে না হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হয়েছিল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.