
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১৩ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে র্যাবব-৪। এ সময় অভিযুক্ত রাকিব মিয়া (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রাকিব উপজেলার বালারহাট ইউনিয়নের গাড়ালচৌকি গুপিনপুর গ্রামের শিপন মিয়ার ছেলে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়া পাবনারটেক এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে শনিবার (১০ ফেব্রুয়ারি) মিঠাপুকুর থানায় হস্তান্তর করে র্যাব-৪। একই দিনে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল রাকিব। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ জানুয়ারী বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে মোটরসাইকেলযোগে অপহরণ করে সে। পরে ঢাকার আশুলিয়া পাবনারটেক এলাকায় এক আত্মীয়র বাসায় আত্মগোপন করে রাকিব। এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ৮ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা জাহাঙ্গীর আলম।
এরপর মিঠাপুকুর মিঠাপুকুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে শুক্রবার রাতে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে র্যাব-৪।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.