
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে জীবন কুজুরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের আদিবাসিপাড়ার বাসিন্দা মোংলা কুজুর শুক্রবার বিকেলে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় তার ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত বাবার মাথায় কুড়াল দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
রংপুর সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন। সোমবার রাতে উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.