
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারীতে অশ্লীল আচরণের অভিযোগ এনে গ্রামবাসীর সামনে নাকে খত দেয়ার পাশাপাশি তিন বোনকে থু থু খাওয়ানোর অভিযোগ উঠেছে দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে।
১৫ আগস্ট সকালে ওই উপজেলার দাঁতভাঙ্গা ইউপির সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভয়ে ও লজ্জায় বিষয়টি গোপন রাখেন নির্যাতিতরা। শুক্রবার বিকেলে প্রতিবেশীদের পরামর্শে এসব কথা স্বীকার করেন তারা।
তিন বোন অভিযোগ করেন, অকারণে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মোকছেদ দেওয়ানী ও আজাহার আলী বিচারের নামে আমাদের এভাবে হেনস্তা করেছেন। লজ্জায় ও অপমানে আমরা কারো কাছে মুখ দেখাতে পারছি না।
তারা বলেন, আমরা অসহায় পরিবারের সন্তান। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এলাকার প্রভাবশালীদের সঙ্গে চলাচল করেন। তাই তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাচ্ছি না।
স্থানীয়রা জানায়, ১৪ আগস্ট সন্ধ্যার দিকে স্থানীয় দুই ছেলে ওই মেয়েদের বাড়িতে যায়। ওই সময় এলাকার আরো কিছু ছেলে তাদের আটক করে এবং ১৮ হাজার টাকা আদায় করে। বিষয়টি কানে গেলে ইউপি মেম্বারসহ কয়েকজনকে নিয়ে পরদিন সালিস বসান প্রধান শিক্ষক। ওই দুই ছেলের কাছ থেকে আদায় করা ১৮ হাজার টাকা তিনি নিয়ে নেন। পরে তিন বোনকে অশ্লীল আচরণের অভিযোগে নাকে খত দেয়ান এবং থু থু খেতে বাধ্য করেন।
ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন, সালিসের বিচারক প্রধান শিক্ষক ওই মেয়েদের থু থু খাইয়েছেন। তাকে অনেকবার বলেছিলাম আইন হাতে নিয়েন না। তিনি আমার কথা শোনেননি। এছাড়া টাকা নেয়ার বিষয়ে আমি কিছু জানি না।
অভিযুক্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অপরাধ করেছে তাই তাদের গ্রামের সবার সামনে থু থু খাওয়ানো হয়েছে। তবে তাদের থু থু তারাই খেয়েছিল।
রৌমারী থানার ওসি আবু দিলওয়ার হাসান ইনাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.