
অনলাইন ডেস্ক:
বাড়িতে ঢুকে বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে নবম শ্রেণির এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা ও প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামে রোববার গভীর রাতে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে রাজারহাট থানার ওসি রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকজন যুবক মুখোশ পরে বাড়িতে ঢুকে পড়ে। বাগিতে ঢুকে তারা ওই কিশোরীর বাবা, মা ও ছোট বোনকে মারধর করে বেঁধে ফেলে। পরে ওই কিশোরীকে তুলে নিয়ে বাড়ির পাশের একটি বাগানে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভোররাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।
কিশোরীর বাবা জানান, অন্ধকার থাকায় যুবকদের তিনি চিনতে পারেননি। অজ্ঞাত একটি নম্বর থেকে তাদের ফোনে বিভিন্ন সময় অশালীন লেখা মেসেজ আসতো। এছাড়াও তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য পাশের জমির মালিক এক প্রকৌশলী নানাভাবে চাপ দিয়ে আসছে। এই দুই পক্ষের কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার চান ভুক্তভোগীর বাবা।
ওসি রাজু সরকার জানান, নির্যাতনের শিকার কিশোরীকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। খুব শিগগিরই এই ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.