
নিউজ ডেস্ক:
প্রেমের টানে ভারতের ছত্তিশগড় থেকে তিন বছরের ছেলেকে কোলে নিয়ে সীমান্ত পেরিয়ে কুড়িগ্রামে চলে এসেছেন সুনিয়া সাউ নামে এক তরুণী। এক মাস ধরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার অনন্তপুর চানদালার পাড় গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিনি।
সুনিয়া সাউ ভারতের ছত্তিশগড় রাজ্যের ধনউড়া এলাকার রোহিত শর্মার স্ত্রী। প্রেমিক ওবাইদুল হক অনন্তপুর চানদালার পাড় গ্রামের আবুল কাসেম আলীর ছেলে।
জানা গেছে, ২৫ জুলাই দালালের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ছেলেসহ বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর সোজা উঠে পড়েন ওবাইদুলের বাড়িতে। সেই থেকে সেখানেই ঘর-সংসার করছেন তিনি।
সুনিয়া সাউ বলেন, চার বছর আগেই ভারতের দিল্লীতে প্রেম করে আমরা বিয়ে করেছি। আমি জন্মভূমি ও পরিবারের মায়া ত্যাগ করে বাংলাদেশে আমার স্বামীর বাড়িতে এসেছি। আমার একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে এখানেই ঘর-সংসার করতে চাই।
অনন্তপুর চানদালার পাড় গ্রামের বাসিন্দারা জানান, স্ত্রী কল্পনা বেগমের সঙ্গে ঝগড়া করে ভারতীয় তরুণীকে বিয়ে করেন ওবাইদুল হক। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিয়ে কল্পনা বেগমও ঘর-সংসার করছেন।
ওবাইদুল হক বলেন, আমি ভারতে রাজমিস্ত্রির কাজ করতাম। সেই সুবাদে সুনিয়ার সঙ্গে প্রেম হয়। চার বছর আগেই দিল্লীতে বৈধভাবে আমি তাকে বিয়ে করি। সুনিয়ার কোলের সন্তানের বাবা আমিই। এক মাস ধরে সুনিয়া আমার বাড়িতেই আছে।
বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএন তৌহিদুল আলম বলেন, ভারতীয় ওই তরুণী বৈধ কাগজ দেখাতে পারেননি। শুধুমাত্র ভারতীয় পরিচয়পত্র দেখিয়েছেন। তিনি দোভাষী। তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে থানায় হস্তান্তর করা হবে। এছাড়া বিএসএফকেও বিষয়টি জানানো হবে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বিজিবিকে সব ধরনের সহযােগিতা দেয়া হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.