
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে স্ত্রী-সন্তানকে রেখে সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে গেছেন দুলাভাই। রোববার উপজেলার কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
উপজেলার গুনাইগাছ ইউপির রামধন দলবাড়িরপাড় গ্রামের ফুল সরকারের ছেলে আনারুল ইসলামের সঙ্গে একই উপজেলার থেতরাই ইউপির কিশোরপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে লাইলি বেগমের বিয়ে হয় প্রায় ৮ বছর আগে। তাদের পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর শ্যালিকা ছালমা আক্তার রুমির সঙ্গে আনারুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় দেড় মাস আগে একই ইউপির হোকডাঙ্গা দালারপাড়া গ্রামের আবু তালেব ব্যাপারির ছেলে রেজাউল করিম দুখুর সঙ্গে ছালমা আক্তার রুমির বিয়ে হয়। এক সপ্তাহ আগে ছালমা তার বাবার বাড়িতে আসেন। রোববার বিকেলে সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় আনারুল।
মেয়ের বাবা মহিউদ্দিন জানান, প্রায় সাড়ে তিন লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ বড় মেয়ের জামাই আনারুল ছোট মেয়েকে নিয়ে অসৎ উদ্দেশ্যে পালিয়ে গেছে। এ ঘটনায় দুই মেয়ের সংসার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
উলিপুর থানার এসআই রাসেল জানান, এ ঘটনায় জিডি হয়েছে। মেয়েটিকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.