
নিউজ ডেস্ক:
বিদেশ ফেরত (বিভিন্ন দেশ থেকে আসা) ৮৪ জনকে গাইবান্ধার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে বুধবার ৫০ জন এবং গত সাত মার্চ থেকে গত সতের মার্চ পর্যন্ত ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
তাদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১১ জন, সুন্দরগঞ্জে ১৭ জন, সাদুল্লাপুরে ৭ জন, গোবিন্দগঞ্জে ১১ জন, ফুলছড়িতে ১৭ জন, সাঘাটায় ১৯ জন ও পলাশবাড়ীতে ২ জন। তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদেশ ফেরত ৫০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগেও ৩৪ জনকে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তবে এ পর্যন্ত তাদের শরীরে কোনো লক্ষণ পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্মীরা ম্যাক্স ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত দেখা শোনা করছেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, কোয়ারেন্টাইনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ও জেলা আনসার-ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টাইন ও আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে না থাকার কারণে এখন পর্যন্ত গাইবান্ধায় কারো জরিমানা হয়নি।
গাইবান্ধার সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গাইবান্ধায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র্যাপিড রেসপন্স টিমও গঠিত হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.