
নিউজ ডেস্ক:
রোববার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা জনতা ব্যাংক লিমিটেড শাখার অদূরে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকারের দেওয়া চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী দায়িত্বপ্রাপ্তদের লোপাটের দেশব্যাপী ঘটনার মধ্যে এ ভাতা ছিনতাইয়ের খবর এল।
এ ঘটনায় ভুক্তভোগী ওই দুই বৃদ্ধা হলেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামারমনিরাম (স্কুলের বাজার) গ্রামের সোনাভান বেওয়া ও জিয়ারণ নেছা।
জনতা ব্যাংক লিমিটেড বামনডাঙ্গা শাখার ব্যবস্থাপক মাসুদ রানা জানান, সরকারের সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র প্রবীণদের বয়স্ক ভাতার টাকা তাদের ব্যাংক শাখা থেকে সকাল থেকে দেওয়া হচ্ছে।
'ওই দুই বৃদ্ধা তাদের ভাতার টাকা তুলে দুপুরে বাড়ি ফিরছিলেন।'
ভুক্তভোগী ওই দুই বৃদ্ধা সোনাভান বেওয়া ও জিয়ারন নেছা জানান, এমন সময় এক যুবক এসে তাদের চাল-ডাল ত্রাণ দেওয়ার কথা বলে ব্যাংক থেকে ডেকে বামনডাঙ্গা বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই যুবক তার কাছে ‘দোকানের চাবি নেই জানিয়ে একটু দাঁড়াতে বলে।’
এরপর একজনের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় বলে জানান তারা।
তারা আরও জানান, ওই ব্যাগে তাদের দুইজনের দেড় হাজার করে মোট তিন হাজার টাকা ও বয়স্ক ভাতার বই দুটিও ছিল।
'এই অভাবের দিনোত এ্যাখন হামরা কি খায়্যা বাঁচমো বাবা? হামার ট্যাকা-বই সোক নিয়্যা গেছে হামার এ্যাখোন কি হবে!'
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, 'বিষয়টি আমি শুনেছি। টাকা উদ্ধার ও ছিনতাইকারীকে আটক করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।'
সূত্র: বিডি নিউজ২৪
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.