
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিধবা নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে হরিপুর ইউনিয়নের তিস্তা সেতু প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩ মে) গভীর রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা সেতু প্রকল্প এলাকার বাঁধের ধারের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার খোরশেদ আলম উপজেলার কি বাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
নির্যাতিত নারীর পরিবার জানায়, কয়েক মাস আগে নির্যাতনের শিকার ওই নারীর স্বামী মারা যায়। এরপর থেকে তিনি ছেলে ও ছেলের বউকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী সেহরি রান্নার জন্য ঘুম থেকে উঠে। এরপর তিনি শৌচাগারে যান। সেখান থেকে আঙিনায় ফেরার সময় প্রতিবেশী পাঁচজন ব্যক্তি তার হাত-মুখ বেঁধে ফেলে। পরে মুখে কাপড় গুজিয়ে তাকে পাশের বাঁধে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই নারীর সন্তান রাতভর মাকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পায়নি। সকালে বাঁধের পাশের জমিতে বিবস্ত্র অবস্থায় ওই নারীকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার মুস্তাফি বলেন, রোগীর চিকিৎসা চলছে। বর্তমান তার অবস্থা ভালো রয়েছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে হরিপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.