
অনলাইন ডেস্ক:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে প্রেমিকের বিয়ে হওয়ার কথা শুনে গ্যাসের ট্যাবলেট খেয়ে প্রাণ গেছে এক কলেজছাত্রীর। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে মরদেহ নিয়ে আসা হয় বলে জানায় ওই কলেজছাত্রীর পরিবার।
মৃত ওই কলেজছাত্রী মরজিনা ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউপির চৌরঙ্গী রনহাট্টা গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে। আর প্রেমিক রাসেলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউপির পিতাইচুরি গ্রামের সায়েদ আলীর ছেলে।
জানা যায়, পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল রাসেল ও মরজিনার। মেয়ের বাবা-মা দুজনের সম্পর্ক মেনে নেন। কিন্তু হঠাৎ মরজিনা বৃহস্পতিবার সকালে রাসেলের বাড়িতে কাঁদতে কাঁদতে চলে যান। এরপরে মেয়ের মৃত্যুর খবর পায় মরজিনার পরিবার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, কলেজছাত্রী মরজিনা বিয়ের দাবিতে প্রেমিক রাসেলের বাড়িতে আসার পর রাসেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে শুনে গ্যাসের ট্যাবলেট খান। পরে রাসেলের পরিবারের লোকজন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার ডাক্তার তাকে রংপুরে রেফার্ড করেন। পরে সেখানে মেয়েটি মারা যায় বলে প্রেমিক রাসেলের পরিবার ও মেয়েটির পরিবার আমাকে জানিয়েছে।
মেয়ের বাবা সাইফুল ইসলামের অভিযোগ, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করার পর রাসেল গোপনে বিয়ে করেছে। আমার মেয়ে সহ্য করতে না পেরে তার কাছে গেলে আমার মেয়েকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
শনিবার সকাল পর্যন্ত হরিপুর ও বালিয়াডাঙ্গী থানায় খোঁজ নিয়ে জানা গেছে, কলেজছাত্রীর পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.