
নিউজ ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় থানায় ওই কিশোরীর মা থানায় এসে অভিযোগ করলে এক ঘণ্টার মধ্যে তিন ধর্ষককে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ঘুঘুরা (ভোতরা পাড়া) গ্রামের লাল মিয়ার ছেলে ছদ্মবেশী প্রেমিক লাবু মিয়া, একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে আশরাফুল ইসলাম ও ঘোড়াঘাট পৌর এলাকার বাউপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ওমর ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোরাঘাট থানার ওসি আজিম উদ্দিন।
এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার বাউপুকুর গ্রামের চুরকা হাসদার দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রায় দেড় বছর আগে রাজু নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাঝে মধ্যেই ফোনে যোগাযোগ হতো রাজুর সঙ্গে ভিকটিমের। এমনই একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পারে লাবু নামে এক যুবক। কৌশলে মেয়েটির মোবাইল নম্বর সংগ্রহ করে সে।
পরে সে মেয়েটিকে কল করে রাজু পরিচয় দিয়ে একাধিকবার কথা বলার একপর্যায়ে গত শনিবার রাত তিনটার সময় কিশোরীর বাড়ির পাশে আব্দুর রহমানের লিচু বাগানে তাকে দেখা করতে ডাকে। ছদ্মবেশী প্রেমিক লাবুর কথা অনুযায়ী বাগানে গিয়ে সে প্রেমিক রাজুর পরিবর্তে অন্য এক যুবককে দেখে চিৎকার করে এবং দৌঁড়ে বাড়িতে পালানোর চেষ্টা করে। এ সময় লাবুর সঙ্গে বাগানে আগে থেকেই অবস্থান নেয়া দুই সহযোগী ওমর ফারুক এবং আশরাফুল মেয়েটিকে আটকে মুখ চেপে ধরে। পরে লিচু বাগানেই পালাক্রমে ওই তিনজন কিশোরীকে গণধর্ষণ করে বাগানে ফেলে রেখে চলে যায়।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় ভিকটিমকে নিয়ে তার মা থানায় এসে অভিযোগ দায়ের করলে, তাৎক্ষণিক পৃথক পৃথক স্থান থেকে তিন ধর্ষককে আটক করি। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদেরকে সোমবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আসামিদের আদালতে জবানবন্দি দেয়ার কথা রয়েছে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেইসঙ্গে অধিকতর তদন্তের জন্য উভয়ের ডিএনএ টেস্ট করানো হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.