
নিউজ ডেস্ক:
দিনাজপুরের বিরামপুর থানা। হঠাৎ এক নারী ভিজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে ওসির রুমে এসে হাজির। রাত দুপুরে এমন ঘটনা স্বচক্ষে দেখে ওসি মনিরুজ্জামান নিজেই অবাক।
ওই নারী স্বামীর নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে শীতের রাতে নদী সাঁতরে ছুটে এসেছেন থানায়। স্বামীর নির্মম অত্যাচারের কথা শুনে অনেকের বিবেক নাড়া দিয়ে উঠেছে।
ছয় বছর আগে বিরামপুর উপজেলার বড় বাইলশিরা গ্রামের আবেদ আলীর মেয়ে কামরুন্নাহার রিনার সঙ্গে প্রস্তমপুর গ্রামের রায়হান কবীরের বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি ছেলে রয়েছে। রায়হান কবীর প্রায়ই স্ত্রী রিনাকে মারধর করত।
বৃহস্পতিবার লাঠি দিয়ে রিনাকে বেদম মারধর করলে স্বামীর বাড়ি থেকে রাত ১২টায় শাখা যমুনা নদী সাঁতরে পার হয়ে বিরামপুর থানায় এসে হাজির হয়।
থানার ওসি মনিরুজ্জামান তাৎক্ষণিক নারী পুলিশের কাছ থেকে শুকনো পোশাক ও কম্বল নিয়ে ওই নারীকে দিয়ে শীতের প্রকোপ থেকে রক্ষা করেন। রাতেই পুলিশ পাঠিয়ে স্বামী রায়হানকে আটক করে নিয়ে আসেন। পুলিশ ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
শুক্রবার বিকেলে থানার ওসি মনিরুজ্জামান বলেন, রিনার সংসার ঠিক রাখার লক্ষ্যে বিষয়টি উভয়পক্ষ নিষ্পত্তির চেষ্টা করছে। তবে নির্যাতিতা রিনা লিখিত অভিযোগ দিলে তার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.