
নিউজ ডেস্ক:
পথচারীর আকস্মিক বুদ্ধিতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের তিন শতাধিক যাত্রী। নীলফামারীর উল্লাপাড়া রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেললাইনের উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা রেল ব্রিজের পশ্চিমে রেল স্টেশনের ৪০০ গজ দূরে পাতের মাঝখানে পথচারী এক যুবক ফাটল দেখতে পায়। পরে ওই যুবক পার্শ্ববর্তী গ্রাম চর ঘাটিনার সাদ্দাম ও ওমর ফারুককে ঘটনাটি বললে তারা সঙ্গে সঙ্গে রেললাইনে লাল কাপড় টানিয়ে ধরে।
ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি সেসময় দুর্ঘটনার স্থান দিয়ে যাচ্ছিল। লাল কাপড় টানানো দেখে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।
পরবর্তীতে বিষয়টি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে জানানো হয়। তিনি দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করার ব্যবস্থা করেন। এ ঘটনার জন্য প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ঘটনাস্থলের পাশেই পিডাব্লিউডির কর্মচারীরা লাইনে কাজ করছিল। ট্রেন থামার সঙ্গে সঙ্গে দ্রুত ফাটলের জায়গাটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.