
নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের বোদা উপজেলায় আহত অবস্থায় বিপন্ন প্রজাতির একটি ময়ূর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বারঘরিয়া এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বারঘরিয়া এলাকার একটি গাছে ময়ূরটি দেখে ঢিল ছোড়ে স্থানীয় কিছু তরুণ। এতে পাখিটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে আহত পাখিটি নিয়ে মিজানুর রহমান নামে এক তরুণের বাড়িতে বেঁধে রাখেন তারা। এ সময় ময়ূরটি দেখতে ভিড় জমান আশপাশের মানুষ।
একপর্যায়ে বিষয়টি পুলিশ ও বন বিভাগের কর্মীদের জানান স্থানীয়রা। পরে তারা আহত ময়ূর পাখিটি উদ্ধার করেন। আহত ময়ূরটিকে প্রাথমিক চিকিৎসা দেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক ডা. আব্দুস সোবহান। শনিবার পাখিটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ বলেন, ময়ূরটি ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আঘাত করায় ময়ূরটির পিঠের পাখনাগুলো উঠে গেছে। চিকিৎসা দেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। প্রাপ্ত বয়স্ক ময়ূরটির ওজন প্রায় পাঁচ কেজি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.