
নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
রোববার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের ভজনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুমার উদ্দিন ভজনপুর ইউপির গনাগজ এলাকার দেবারুর ছেলে।
পঞ্চগড়ের এসপি মোহাম্মদ ইউসুফ আলী জানান, পাথর উত্তোলনের দাবিতে সকালে ভজনপুর এলাকার শ্রমিকরা ও মালিক পক্ষ বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় জুমার উদ্দিনসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুমার উদ্দিন মারা যান।
তিনি আরো জানান, সম্প্রতি প্রশাসন মাটির গভীর থেকে পাথর উত্তোলন বন্ধে নোটিশ জারি করে। তাই শ্রমিক ও মালিক পক্ষ রোববার ভোর ছয়টা থেকে অঘোষিত হরতাল পালনে সড়কে নামে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.