
নিউজ ডেস্ক:
সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন 'চলো স্বপ্ন ছুঁই'-এর প্রতিষ্ঠাতা মুহতাসিম আবশাদ জিসান পেয়েছেন ইন্ডিয়ান হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড। তিনি প্রথম বাংলাদেশি যিনি ইন্ডিয়ান বুক অব রেকর্ড-এর এই পুরস্কারে ভূষিত হলেন।
বৈশ্বিক মহামারির কারণে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
২০১৮ সালের ৮ ডিসেম্বর কতিপয় স্বপ্নবাজ তরুণ-তরুণীর হাত ধরে পথ চলা শুরু হয় 'চলো স্বপ্ন ছুঁই' নামের সংগঠনের। করোনার শুরু থেকেই সম্মুখ সমরে নেমে পড়েন এর সৈনিকরা। ত্রাণ কার্যক্রম দিয়ে শুরু হলেও পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সারা শহরজুড়ে জীবানুনাশক স্প্রে, বিভিন্ন প্রতিষ্ঠান-দোকানপাটের সামনে নিরাপদ দূরত্বের সুরক্ষা ছক আঁকা, দেওয়াল লিখন, পোস্টারিং ইত্যাদি কার্যক্রম পরিচালনা করেছেন তাঁরা। এছাড়া মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে নিয়মিত মাস্ক, স্যানেটাইজার, হ্যান্ড ওয়াশ ইত্যাদি বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। কারুপণ্যের সহায়তায় করোনা পরিস্থিতিতে প্রায় ২৭ হাজার মাস্ক বিতরণ করেছেন তাঁরা। সেইসঙ্গে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এবং বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ, রেস্টুরেন্টের ওয়াশরুমে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করে 'চলো স্বপ্ন ছুঁই'।
করোনায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে এখন পর্যন্ত সাড়ে চার হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে সংগঠনটি। পরে তাঁরা করোনায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষকে আত্মনিভর্রশীলতা ফিরিয়ে দিতে 'স্বপ্নপূরণ' নামে একটি কর্মসূচি শুরু করেন যা এখনো চলমান। এর মাধ্যমে কর্মক্ষম মা-বোনদের সেলাই মেশিন, হাঁস-মুরগি ইত্যাদি প্রদান করেন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করা হচ্ছে। এখন পর্যন্ত ৭০ জন নারীকে সেলাই মেশিনসহ শতাধিক পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পেরেছে এ সংগঠন।
তরুণ স্বেচ্ছাসেবক মুহতাসিম আবশাদ জিসান রংপুরের পীরগাছা উপজেলার মরহুম ডা. সামসুল হকের নাতি এবং আবু হেনা শাহনেওয়াজ ফুয়াদের বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন মানুষের জন্য কিছু করার। নিয়মিত রেডক্রিসেন্ট সোসাইটির সঙ্গে কাজ শুরু করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনে প্রথম বর্ষে পড়ছেন। কালেরকন্ঠ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.