
রংপুর অফিস:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে করোনাভাইরাস আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এস এম নূরুন নবী ক তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, বাদ জুমা রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় তেঁতুল তলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নগরীর নূরপুর বড় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকও ছিলেন।
চলতি মাসের ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এম এ গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই দিন তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম এ গফুর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ষাট দশকে রংপুরে এসে নগরীর নিউ সেনপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.